বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) ঢাকা মহানগর শাখার আয়োজনে ‘বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান।
এডাব ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও নিরীক্ষা) মো. আনোয়ার হোসেন, এডাব কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা ফারুক রত্বা, কার্যনির্বাহী পরিসদ সদস্য মো. আনোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন, এডাব পরিচালক একেএম জসীম উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব ঢাকা মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খলিফা।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন এডাব ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন। ধারণাপত্র উপস্থাপন করেন এডাব ঢাকা মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবদুর রাজ্জাক খলিফা। এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনকের পরিচালনায় সেমিনারে প্রায় ৬০টি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা এনজিও ব্যুরোকে এনজিওগুলোর অভিভাবক হিসেবে আখ্যায়িত করে এনজিওর নিবন্ধন, প্রকল্প অনুমোদন, স্থানীয় প্রশাসন থেকে প্রত্যায়ন প্রাপ্তি ও অর্থছাড়করণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে কিছু সুপারিশ প্রদান করেন। এনজিও ব্যুরোকে অধিদপ্তর করা, বিভিন্ন এনজিও বিভিন্ন রেজিস্ট্রেশন অথরিটির কাছে নিবন্ধিত না হয়ে সব এনজিওর নিবন্ধন এনজিও ব্যুরোর অধীনে হওয়া, এনজিওর সংজ্ঞা নির্ধারণ; এনজিওর নিবন্ধন, নবায়ন, সুশাসন বিষয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ; নিবন্ধন ও নবায়নসহ প্রকল্প অনুমোদন ও অর্থছাড়করণের সময়সীমা কমানো, নিবন্ধন না দিতে পারলে জমাকৃত টাকা সংশ্লিষ্ট এনজিওকে ফেরত দেয়া; এডাবের সদস্য এনজিওর নিবন্ধন সহজ করা; জেলা মাসিক সমন্বয় সভায় সমন্বয়ক হিসেবে এডাবের জেলা কমিটিকে দায়িত্ব দেয়া; ছোট এনজিওগুলোতে স্থানীয় ফান্ড পেতে সহায়তা ইত্যাদি।
প্রধান অতিথি তার বক্তব্যে উপরোক্ত সমস্যাগুলো নিরসনে আইনি পরিবর্তন, পরিপত্র প্রণয়ন করা, সব এনজিওর জন্য জেলা পর্যায়ে ফাইল সংরক্ষণ করা ইত্যাদির প্রত্যাশা রেখে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত এনজিওর সংখ্যা বৃদ্ধি, ছোট এনজিওগুলোকে কাজ করার সুযোগ দেয়া, সার্টিফিকেট পেতে ডকুমেন্ট আপডেট করা; লোকাল রিসোর্স মোবিলাইজেশনে এনজিওদের কার্যকর ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করেন। —বিজ্ঞপ্তি










