পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে বিশেষ অবদানের জন্য গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে এনপলি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

সংস্থাটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান অদিতি সোনিয়া মনসুর। পুরস্কার তুলে দেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

কোম্পানিটি জানিয়েছে, এটি শুধু একটি স্বীকৃতি নয়। বরং পরিবেশসম্মত, দায়িত্বশীল ও টেকসই শিল্প গঠনের প্রতিশ্রুতি পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি শতভাগ রফতানিমুখী সিনথেটিক ফুটওয়্যার কারখানা। প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি পরিবেশবান্ধব উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ফলে প্রতিষ্ঠানটি দেশের মধ্যে প্রথম লিড-গোল্ড সনদপ্রাপ্ত ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পায়।

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত সবুজ পরিবেশে গড়ে ওঠা এ কারখানায় বর্তমানে ২৭৭ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের জন্য রয়েছে শিশু পরিচর্যা কেন্দ্র, মেডিকেল সেন্টার, প্রশিক্ষণ সুবিধা, পরিচ্ছন্ন ক্যান্টিন, অগ্নিনির্বাপণ ও নজরদারি ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে। —বিজ্ঞপ্তি