পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬১ টাকা ৮০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪০ টাকা ৭০ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) বিএসসিপিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ১৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিপিএলসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৫১৫ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ আয় হয়েছিল ৪৪১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৭৪ কোটি টাকা বা ১৬ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭৯ কোটি ৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ২৪৭ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা বা ১২ দশমিক ৭৯ শতাংশ। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ২০২০-২১ হিসাব বছরে ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিএসসিসিএলের শেয়ারহোল্ডাররা। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। আগের হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।