আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

৫ ও ৬ মার্চ বিএএসএমের নিজস্ব কার্যালয়ে নারী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণটি উদ্বোধন করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পুঁজিবাজারসংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন কীভাবে বিও অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে হয়, কোম্পানির আর্থিক প্রতিবেদন কীভাবে বিশ্লেষণ করতে হয় ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া হয়। পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকা সম্পর্কিত ধারণা দেয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনের কমিশনার জনাব ড. শেখ শামসুদ্দিন আহমেদ পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। —বিজ্ঞপ্তি