সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬২ পয়সায়।

ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১১ সেপ্টেম্বর।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫ পয়সা। ওই বছর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৩ পয়সা। 

 ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা (পুনমূর্ল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৬২ পয়সায় (পুনমূর্ল্যায়িত)। 

২০০৬ সালে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৫ কোটি ৭৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২ লাখ ৪৩ হাজার ৪৪৫। এর মধ্যে ৩৯ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া ১০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০ দশমিক ১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬ টাকা ১০ পয়সা ও ৫৬ টাকা।