বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২৪ কোটি ২৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০১ কোটি ৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় আগামী ২ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট। 

২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০১ কোটি ৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৯০ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা বা ৩ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। ওই বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।

২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৭০ লাখ টাকার বেশি, আগের হিসাব বছরে যা ছিল ২৬৬ কোটি ৯১ টাকার বেশি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২২৭ টাকা ৩৯ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৬২ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০। এর মধ্যে ৯৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক শূন্য ৬, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।