দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহে লেনদেনের প্রথম দিনে গতকাল সার্বিক সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ। এদিন ডিএসইর লেনদেন কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে গতকাল দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল।
গতকাল লেনদেন শুরুর পর সূচক আধা ঘণ্টার মতো ঊর্ধ্বমুখী ছিল। ধীরে ধীরে সূচক নিম্নমুখী হতে শুরু করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূচকের কিছুটা ওঠানামা ছিল। এরপর সূচক ক্রমে নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের নিম্নমুখিতা বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক কমে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে নেমে আসে। পরে সূচক সামান্য ঊর্ধ্বমুখী হয়। গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৯৮ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯৬৮ পয়েন্ট।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫২ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩০০ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রেনাটা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ব্যাংক, ইউসিবি, বীকন ফার্মা, পূবালী ব্যাংক, আফতাব অটোমোবাইলস ও মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের।
ডিএসইতে গতকাল এক্সচেঞ্জটিতে ৪৮৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫১৪ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৩৩০টির আর অপরিবর্তিত ছিল ৩২টি সিকিউরিটিজের বাজারদর।










