নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২০২৪ সালের সামারে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর চলতি সেমিস্টারের ২০ শতাংশ টিউশনসহ অন্যান্য সব ফি শতভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলতি সেমিস্টারে শিক্ষার সামগ্রিক পরিবেশ প্রভাবিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শুরু করে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সঙ্গে সম্পর্কিত সব ফি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা চালু করার কথা জানিয়েছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ। এছাড়া শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্যের দিকে আলোকপাত করে বেশকিছু উদ্যোগ নেয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে একটি নতুন অনলাইন (অ্যাপ ও হটলাইনের মাধ্যমে) কাউন্সেলিং প্রোগ্রাম এবং নতুন একটি অন-ক্যাম্পাস ইন-পারসন কাউন্সেলিং প্রোগ্রাম (বাইরের অংশীদার সংস্থার মাধ্যমে)। এছাড়া আগামী স্প্রিং ২০২৫ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা ও নতুন মানদণ্ড প্রবর্তনের বিষয়েও আলোচনা চলছে।

শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে ধারাবাহিক মতবিনিময়ে একটি যথাযথ কাঠামো এবং প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ। পাশাপাশি এনএসইউ ক্যাম্পাস ছাত্ররাজনীতি মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। এটি এনএসইউর অন্যতম প্রধান প্রতিষ্ঠাকালীন নীতি, যা কঠোরভাবে বজায় রাখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ।

এদিকে ট্রাই-সেমিস্টার সিস্টেমসহ বেশকিছু বিষয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এসব বিষয়ে পরবর্তী সময়ে যথাযথ বিশ্লেষণ ও প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়েছে। —বিজ্ঞপ্তি