পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিক্রি কমেছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফাও কমেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বিক্রি হয়েছে ৮২২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২১ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বিক্রি কমেছে ১৯ দশমিক ৪৯ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৪৬ পয়সায়। ৩১ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ১৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গের ইপিএস হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৪ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছিল কোম্পানিটির। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ।
১৯৮৯ সালে পুঁজিবাজারে আসা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩২৩ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক বছরে হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারের দর ১৭১ থেকে ৩১৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।










