বৈদেশিক রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে সচেতনতা বাড়াতে কুমিল্লার দাউদকান্দিতে রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি দাউদকান্দি এজেন্ট ব্যাংকিং আউটলেটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৬০ জন রেমিট্যান্স গ্রহীতা পরিবার ও স্থানীয় গ্রাহক অংশ নেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. শাহীন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক ও বিকল্প ব্যাংকিং চ্যানেলস বিভাগের প্রধান নাজমুর রহিম, রেমিট্যান্স ও প্রবাসী ব্যাংকিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. নাজমুল হাসান।

অনুষ্ঠানে ব্যাংকের বিশেষায়িত রেমিট্যান্স হিসাব ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ হিসাবগুলো ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে ও গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। ফলে প্রবাসী ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

অনুষ্ঠানে রেমিট্যান্স ক্যাম্পেইন ২০২৫ এর বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়। এতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শীর্ষস্থানীয় রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের সম্পৃক্ত করা রেমিট্যান্স বাড়াতে তাদের একটি কৌশল। প্রবাসী ও এজেন্ট ব্যাংকিং টিমের সমন্বয়ে ব্যাংকিং সেবা আরো বিস্তৃতভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে তারা কাজ করছে। —বিজ্ঞপ্তি