ইস্টার্ন ব্যাংক পিএলসির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত মুনাফা বেড়েছে ১৯ শতাংশের বেশি। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৪ পয়সা। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ এপ্রিল বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৪৭ পয়সা। এক বছরের ব্যবধানে ব্যাংকটি ইপিএস বেড়েছে ৬ দশমিক ৭১ শতাংশ। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৩৩ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইস্টার্ন ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ইস্টার্ন ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬ টাকা ৯০ ও ৩৩ টাকা ৭০ পয়সা।










