বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানায় দলটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে এ সভা সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম (আইওআরবিএফ), ব্ল্যাক বিজনেস কাউন্সিল (বিবিসি) ও অন্যদের সমন্বয়ে গঠিত ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নেয়।
এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক প্রীতি চক্রবর্তীসহ আরো অনেকে সভায় অংশ নেন।
সভায় বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের নানাদিক তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানানো হয় এবং প্রতিনিধি দলটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সম্প্রসারিত ও আরো বৈদেশিক বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
উল্লেখ্য, বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক প্রতিনিধি দলটি ১১-১৬ মার্চ বাংলাদেশে সফররত রয়েছে।










