দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশে স্বল্প সুদে ও সহজ শর্তে চলতি মূলধন বিনিয়োগের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’-এর আওতায় মূলধনের ঘাটতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অসুবিধায় থাকা প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ মুনাফায় অর্থায়ন সুবিধা নিতে পারবে।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ অর্থায়ন সুবিধার ফলে সিএমএসএমই খাতে ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হওয়ার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ খাতের অবদানও বাড়বে।