পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ১২ দশমিক ২৬ শতাংশ। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৭১ পয়সা। এছাড়া ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৩ পয়সা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ১৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ৯১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ১৭ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ দশমিক ৩৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৮৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১১ টাকা ৩০ পয়সা থেকে ১৪ টাকায় ওঠানামা করেছে।










