পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইউনিটপ্রতি লোকসান কমেছে ১৮ পয়সা। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা। ফান্ডটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও (অক্টোবর-ডিসেম্বর) ফান্ডটির লোকসান কমেছে। আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর ফান্ডটির বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা ৭ পয়সা। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে ইপিইউ ছিল ৫০ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত ৩০ জুন শেষে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২৫ পয়সায়। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে নিট আয়ের ভিত্তিতে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ ছিল ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিইউ ছিল ১০ টাকা ৯৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৪১ পয়সা।