যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ক্যানস্যাট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এশিয়ার মধ্যে দ্বিতীয় ও বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

গত ৫ থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টি দলের সঙ্গে অংশ নেয় ইউআইইউ। এটি তাদের দ্বিতীয়বারের অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালের প্রতিযোগিতায় তারা এশিয়ায় তৃতীয় ও বিশ্বে একাদশ হয়েছিল।

এ বছরের প্রতিযোগিতায় অংশ নেয়া দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, তাইওয়ান, কানাডা, তুরস্ক, কোরিয়া, ভারত, ইতালি, মেক্সিকো, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও জার্মানি।

বাংলাদেশ থেকে তিনটি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। তবে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল বাংলাদেশের মধ্যে একমাত্র শীর্ষস্থান অর্জন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি স্যাটেলাইট ক্যাপসুল (প্রোবসহ কন্টেইনার) ডিজাইন ও নির্মাণ করতে হয়। এটি ৬৭০ থেকে ৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ করে নিরাপদে অবতরণ ও পুরো প্রক্রিয়ায় সফলভাবে তথ্য আদান-প্রদানের মাধ্যমে এর কার্যকারিতা প্রমাণ করতে হয়।

এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক ছিল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি। এতে সহযোগিতা করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরি ও সিমেন্সসহ আরো কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

প্রতিযোগিতার শুরু থেকে ইউআইইউ অ্যাসেন্ড দল তাদের দক্ষতা ও পরিকল্পনা অনুযায়ী সফলভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে। চূড়ান্ত পর্বে তাদের পারফরম্যান্স ছিল চিত্তাকর্ষক। —বিজ্ঞপ্তি