চলতি মৌসুমে সাতক্ষীরায় ভুট্টার ফলন বিপর্যয় দেখা দিয়েছে। জেলায় আট হাজার টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৩ হাজার ১০০ টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এদিকে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় জেলায় ভুট্টার বাজারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে। দেড়-দুই মাসের ব্যবধানে পাইকারি বাজারে পণ্যটির দাম মণপ্রতি ৬০-৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রার ৬০ শতাংশও পূরণ করা সম্ভব হয়নি। ফলে স্থানীয় চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করতে হয়েছে পণ্যটি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় আট হাজার টন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১ হাজার ৭৭৫ টন, কলারোয়ায় ১ হাজার ১৫০, তালায় ১ হাজার ৩৬০, দেবহাটায় ৬৩০, কালিগঞ্জে ৯৪৫, আশাশুনিতে ৮৪০ ও শ্যামনগরে ১ হাজার ৩০০ টন উৎপাদনের প্রাক্কলন করা হয়। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩ হাজার ১০০ টন। ফলে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশই অপূরণীয় রয়ে গেছে।

সাতক্ষীরা সদর উপজেলা ছয়ঘরিয়া গ্রামের কৃষক মো. শফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে দুই বিঘা পরিমান জমিতে ভুট্টা চাষ করেছেন, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ কম। তিনি গত বছর ৪ বিঘা জমিতে ভুট্টা আবাদ করে কোনো রকম উৎপাদন খরচ ওঠাতে পেরেছিলেন। শফিকুল ইসলাম বলেন, ৪ বিঘা জমিতে প্রায় ৫ মেট্রিক ভুট্টা উৎপাদন হয়েছিলো। কিন্ত মাড়াই যন্ত্র না থাকায় অনেক কম মূল্যে এসব ভুট্টা বিক্রি করতে হয়েছে। আগেরবার লোকসানের কারণে চলতি মৌসুমে মাত্র ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন তিনি। এসব জমিতে উৎপাদন হয়েছে ৬০ মন ভুট্টা। এবারও উৎপাদন খরচ বাদ দিয়ে খুব বেশি লাভ আসেনি।

সাতক্ষীরা জেলা সদরের এল্লারচর মোকামের পাইকারি ভুট্টা ব্যবসায়ী আমান হোসেন বলেন, পাইকারি বাজারে দেড়-দুই মাসের ব্যবধানে ভুট্টার দাম বেড়েছে মণপ্রতি ৬০-৮০ টাকা। দেড় মাস আগেও ভুট্টার দাম ছিল মণপ্রতি ৭২০ টাকা। বর্তমানে দাম বেড়ে ৭৮০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে খাদ্যশস্যটি। চাহিদার তুলনায় সরবরাহও নেই।

তিনি বলেন, সাতক্ষীরায় মাছ ও গরু-ছালগের খামার বেশি থাকায় ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। কিন্ত চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় পন্যটি দিনাজপুরের পাশাপাশি ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এবার ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মাড়াই ও বিপণন ব্যবস্থা ভালো না থাকায় চাষীরা ফসলটি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি আরো জানান, চলতি মৌসুমে জেলায় ৮০০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উৎপাদন হয়েছে ৩১০ হেক্টরে।