দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের নিম্নমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ১ শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে ৩৫ দশমিক ৭ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭১৫ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৪৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২১ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রেনাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের।
গতকাল ডিএসইতে মোট ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮০৭ কোটি টাকা। গতকাল ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৩০১টির আর অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৩ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৩ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের। ১২ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। এছাড়া বস্ত্র খাতের ৮ দশমিক ৭ ও খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ২ শতাংশ।
গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্ন এসেছে শুধু পাট, জ্বালানি ও চামড়া খাতে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিযোগাযোগ, কাগজ ও খাদ্য খাতে। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৯, ২ দশমিক ২ ও ১ দশমিক ৯ শতাংশ।
আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১১৪ পয়েন্ট কমে ৯ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৬ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৮৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৬১৬ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর। গতকাল সিএসইতে ৯ কোটি ১৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮ কোটি ৬৩ লাখ টাকা।










