দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের নিম্নমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬০৭ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭১৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ২৮ পয়েন্ট কমে ১ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৩০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট কমে ২ হাজার ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯৩ পয়েন্টে।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক ও রেনাটার শেয়ারের।
গতকাল ডিএসইতে মোট ৫৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫১৯ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। গতকাল ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১টির, কমেছে ৩৭১টির আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ৪১ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ দশমিক ১ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের। আর ১০ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া বস্ত্র খাতে ৫ ও প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল টেলিযোগাযোগ, ভ্রমণ ও কাগজ খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩, ২ দশমিক ৯ ও ২ দশমিক ৯ শতাংশ।
আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৩৮ পয়েন্ট কমে ৯ হাজার ৭৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৮৯২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২২৮ পয়েন্ট কমে ১৬ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৪৩০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৮৭টির আর অপরিবর্তিত ছিল ৮টির বাজারদর। গতকাল সিএসইতে ১৩ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ কোটি ১৯ লাখ টাকা।










