বিদেশী বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করে আসছে। ২৩-২৬ জুলাই ব্রাজিলে পরবর্তী রোড শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিদ্যমান পরিস্থিতির কারণে এ রোড শো অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২৩ জুলাই ব্রাজিলের সাও পাওলোয় ও ২৬ জুলাই ব্রাসিলিয়ায় রোড শো উপলক্ষে দুটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর মধ্যে ব্রাসিলিয়ায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নির্ধারিত ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফর স্থগিত করা হয়েছে। এ কারণে ব্রাজিলে রোড শোর অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। 

বৈশ্বিকভাবে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির ব্র্যান্ডিং করার মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ২০২১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো ও বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয় বিএসইসি ও বিডা। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও চীনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া সৌদি আরব, সিঙ্গাপুর, কানাডা, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিশ্বের আরো বেশকিছু দেশে ধারাবাহিকভাবে রোড শো করার পরিকল্পনা রয়েছে বিএসইসির।