দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর দেশের দুই স্টক এক্সচেঞ্জে আবারো লেনদেনে ফিরছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার। আগামী রোববার থেকে ‘জেড’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গতকাল জানানো হয়েছে।
তথ্যানুসারে, ২০১৯ সালের ১৪ জুন পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথমবারের মতো স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের ধারা ৫০(১) অনুসারে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১৫ দিন পরপর এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএলএফএসএল। তথ্যানুসারে, ২০২১ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়।
২০২০ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১০১ টাকা ২৪ পয়সায়। ২০১৯ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সায়।
গত বছরের ডিসেম্বরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌসকে। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ শফিকুর রহমান, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের আমানতকারীদের প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও মো. সগীর হোসেন খান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন মো. সগীর হোসেন খান।










