সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকীর্তি ও জুলাই অভ্যুত্থানে তার বিদ্রোহী চেতনার প্রভাব নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে নজরুলের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে নানা দিক আলোচনা করা হয়।
আলোচনা সভার শিরোনাম ছিল ‘জুলাই অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। আলোচনায় অংশ নেন এনএসইউর ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক সলিমুল্লাহ খান, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার এবং এনএসইউর ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে জাতীয় কবির বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন নজরুল ইনস্টিটিউটের জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু কবিতার মাধ্যমে নয়, তার বিদ্রোহী চেতনা ও মানবিক বোধ দিয়ে প্রজন্মকে পথ দেখিয়েছেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নজরুল ছিলেন গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি ধর্মীয় সম্প্রীতি, ন্যায় ও শান্তির পক্ষে কথা বলেছেন।
অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, নজরুলের লেখা শত বছর পেরিয়েও সমান প্রাসঙ্গিক। তিনি নজরুলকে মানবতা, স্বাধীনতা ও সম্মানের প্রতীক হিসেবে বর্ণনা করেন।
কবি আব্দুল হাই সিকদার জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, নজরুলের সাহিত্য আমাদের সংগ্রামের ভাষা তৈরি করেছে। তার রচনায় ভাবনা, আবেগ, বিজ্ঞান ও বিশ্বাসের অপূর্ব মিশ্রণ আছে।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, নজরুলের সাহিত্য তরুণদের অনুপ্রাণিত করেছে ও জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। —বিজ্ঞপ্তি










