হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আজ শনিবার
(২৪ আগস্ট) তিনি নবনির্মিত টার্মিনালের চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার,
বোর্ডিং ব্রিজ, অ্যারাইভাল, ডিপার্চার ও এয়ারক্রাফট পার্কিং এপ্রোনসহ অন্যান্য
স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় টার্মিনালের
কাজের অগ্রগতি, কাজের মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা
ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন বেবিচক চেয়ারম্যান।
তিনি জানান, এরই মধ্যে
৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের
গেটওয়ে হিসেবে এ টার্মিনালের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি অবশিষ্ট কাজ দ্রুত শেষ
করার ওপর গুরুত্ব দিয়ে সার্বিক কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩য় টার্মিনালের কাজের সঙ্গে সম্পৃক্ত বিদেশী প্রতিনিধি, বেবিচকের বিভিন্ন সদস্য, প্রধান প্রকৌশলী, ৩য় টার্মিনালের প্রজেক্ট ডিরেক্টর, বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বেবিচকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।










