দক্ষিণ এশিয়ায় শান্তি ও পারস্পরিক বোঝাপড়া গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ ‘দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে। শনিবার (১৭ মে) রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের বাস্তবতায়, গণমাধ্যমকে কেবল পর্যবেক্ষকের ভূমিকায় নয়, বরং শান্তি ও বোঝাপড়া গঠনের একটি সক্রিয় মাধ্যম হিসেবে কাজ করতে হবে।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমিক পাল। ওয়েবিনারটি সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম।

আলোচনায় একাডেমিক, সাংবাদিক, শিক্ষার্থী ও শান্তিকামী বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। বক্তারা দক্ষিণ এশিয়ার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব ও শান্তির জন্য গণমাধ্যম কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তা নিয়ে মতামত তুলে ধরেন।

ওয়েবিনারে সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নিয়ে শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

—বিজ্ঞপ্তি