তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় আড়াই শতাংশ। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১২ জুন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজিএমের স্থান ও অনলাইন লিংক পরে জানিয়ে দেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্সরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট সাড়ে ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০৪ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩। এর মধ্যে ৩৮ দশমিক ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া দশমিক ৮৭ শতাংশ সরকার, ২১ দশমিক ৮১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৮ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৫ টাকা ৮০ ও ৬৪ টাকা ২০ পয়সা।










