ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ বা তথ্য ও সংবাদ জানার সক্ষমতা নিয়ে একটি নেটওয়ার্ক গঠনের প্রাথমিক সভা ও কর্মশালার আয়োজন করেছে। রোববার (২২ জুন) ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, ভুল তথ্য, ভুয়া সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেয়া। অনুষ্ঠানে ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ প্রসারে ইউনেস্কোর কাজ তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই চর্চা ছড়িয়ে দিলে সামাজিকভাবে সবাই উপকৃত হবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম একটি স্টিয়ারিং কমিটি গঠনের প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি এই নেটওয়ার্কের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
ইউনেস্কো ঢাকা অফিসের নূরে জান্নাত প্রমা নেটওয়ার্কের মূল কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, ‘মিডিয়া লিটারেসি বাড়াতে পারস্পরিক সহযোগিতা জরুরি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর চর্চা ছড়ালে ডিজিটাল সমাজ আরো নিরাপদ হবে।’
কর্মশালাতে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. সাইফুল আলম ও অধ্যাপক ড. দিলারা বেগম। ড. সাইফুল আলম ‘ডিজিটাল গোলকধাঁধা নেভিগেট করা: ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া খবর বোঝা’ বিষয় নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে, ড. দিলারা বেগম বলেন, ডিজিটাল যুগে তথ্য যাচাই এখন অপরিহার্য। এজন্য নির্ভরযোগ্য সরঞ্জাম ও কৌশল জানা দরকার।
—বিজ্ঞপ্তি










