সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের জন্য চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ডেপুটি গভর্নর পদের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করতে বলা হয়েছিল। এক্ষেত্রে কমিটির কাজের সুবিধার্থে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১৯ সালে জারি করা একটি প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

তথ্যানুসারে, ২০১৯ সালের ১১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ, সাক্ষাৎকার নেয়াসহ নিয়োগ প্রক্রিয়ার বিশদ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছিল। তবে বর্তমানে সরকার দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দিতে চাইছে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া সময়সাপেক্ষ। এ কারণে সার্চ কমিটির পক্ষ থেকে ২০১৯ সালের প্রজ্ঞাপনটি বাতিলের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এ প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের লক্ষ্যে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। সাবেক অর্থ সচিব এবং মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নজরুল হুদা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস। এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বদরে মুনির ফেরদৌস।