নেপালের হিমালয়ের অন্নপূর্ণা বেস ক্যাম্প (৪ হাজার ১৩০ মিটার) সফলভাবে জয় করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের ২৩ সদস্যের একটি দল। গত ১৪ থেকে ২৪ মে পর্যন্ত দশ দিনব্যাপী এ দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণকারীরা শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি ও নেতৃত্বের দক্ষতারও চর্চা করেন।
অভিযানে নেতৃত্ব দেন ইউল্যাবের সহ-পাঠ্যক্রমিক পরিচালক ও ক্লাব উপদেষ্টা মৈনাক কানুনগো। তিনি পুরো অভিযানে গাইড হিসেবে দলের সঙ্গে ছিলেন। দলের সদস্যরা খাড়া পাহাড়ি পথ, বৈচিত্র্যময় আবহাওয়া ও উচ্চতার চ্যালেঞ্জ পেরিয়ে নিখুঁত পরিকল্পনা, শৃঙ্খলা ও সহনশীলতার মাধ্যমে সফলভাবে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছান।
পুরো অভিযানে নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়। ফলে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা ছাড়াই সবাই নিরাপদে ফিরে আসেন।
এই অভিযাত্রা ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের শিক্ষার বিকল্প পদ্ধতি, পরিবেশ সচেতনতা ও বৈশ্বিক নাগরিকত্বের চর্চাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। এ অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দলবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলার মানসিক প্রস্তুতি তৈরি করবে। ক্লাবের সদস্যদের মতে, এই অভিজ্ঞতা তাদের জীবনে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। —বিজ্ঞপ্তি










