ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে চালু হয়েছে সর্বাধুনিক ওয়াই-ফাই ৭.০ প্রযুক্তির পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। আগের ওয়াই-ফাই ৫.০ এর পরিবর্তে এই নতুন নেটওয়ার্ক আরো দ্রুত, নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ দেবে।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে এক অনুষ্ঠানে নতুন এই নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
নতুন ওয়াই-ফাই ৭.০ নেটওয়ার্কে ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক অ্যাকসেস পয়েন্ট বসানো হয়েছে ও শক্তিশালী ব্যাকবোন সংযোগ যুক্ত করা হয়েছে। এর ফলে একসঙ্গে ২৫ হাজারের বেশি ডিভাইস সংযুক্ত থাকতে পারবে। আগে যেখানে কয়েকশ ডিভাইসের বেশি যুক্ত রাখা সম্ভব হতো না, এখন তা সম্ভব হবে। আইইউবির এই নেটওয়ার্ককে বলা হচ্ছে ‘ফিউচার রেডি’, যা ভবিষ্যতের নতুন প্রযুক্তি গ্রহণে প্রস্তুত।
আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিরেক্টর অব অটোমেশন ড. মাহাদী হাসান বলেন, এই অবকাঠামো শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন আইওটি ডিভাইসের চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে। তিনি জানান, এতে জিরো-ট্রাস্ট সিকিউরিটি, স্মার্ট লার্নিং, বিওয়াইওডি সুবিধাসহ ভবিষ্যতে সহজ সম্প্রসারণের সুবিধা থাকবে।
উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হুসেইন বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজন বোর্ড বুঝে কাজ করছে। তাই এতে সবার সহযোগিতা প্রয়োজন।
৩ কোটি ৬০ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে আইইউবির সেন্ট্রাল ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস। প্রযুক্তি অংশীদার ছিল এনশিউর সাপোর্ট সার্ভিসেস লিমিটেড। নতুন নেটওয়ার্কের ফলে অনলাইন ক্লাস, হাইব্রিড লার্নিং ও গবেষণার কাজ সহজ হবে। একই সঙ্গে ক্লাসরুমে আরো উন্নত ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম যুক্ত করা যাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রাস্টি তওহীদ সামাদ। উপস্থিত ছিলেন ট্রাস্টি রাশেদ চৌধুরী, আলতামাশ কবির, আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড ও কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার।
—বিজ্ঞপ্তি










