আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সম্প্রতি সাইয়েদ জাভেদ নূরকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং মীর তারিকুজ্জামান ও মেসবাহ উদ্দিন আহমেদকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে। গতকাল আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৩৪৩তম বোর্ড মিটিংয়ে এ পদোন্নতি অনুমোদন হয়েছে।

২০০১ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসিতে যুক্ত ছিলেন সৈয়দ জাভেদ নূর। তিনি এর আগে আইডিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং করপোরেট ও কনজিউমার ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকে নেতৃত্বদানের অভিজ্ঞতাসহ তার ব্যাংক খাতের বিস্তৃত অভিজ্ঞতা আইডিএলসির কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

মীর তারিকুজ্জামান ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে আইডিএলসি ফাইন্যান্স পিএলসিতে যোগদান করেন। তিনি আইডিএলসির জেনারেল ম্যানেজার এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তার নেতৃত্ব আইডিএলসির প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মীর তারিকুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

মেসবাহ উদ্দীন আহমেদ ২০১০ সালে আইডিএলসিতে যোগদান করেন। তিনি এর আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করপোরেট এবং ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের নেতৃত্ব দিয়েছেন।—বিজ্ঞপ্তি