দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে সূচকের উত্থানে শেয়ার লেনদেন হয়েছিল। তবে চলতি সপ্তাহে লেনদেনের প্রথম দিনে গতকাল ডিএসইর সার্বিক সূচক কমেছে। এদিন ডিএসইর লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর সূচক ১ ঘণ্টা ১৭ মিনিট ঊর্ধ্বমুখী ছিল। সকাল ১০টা ৪৭ মিনিটের পর সূচক ক্রমে নামতে শুরু করে। দুপুর ১২টার পর সূচকের নিম্নমুখিতা আরো বাড়তে থাকে। গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯০১ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯৪২ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৯৩ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বীকন ফার্মা, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি, জিপিএইচ ইস্পাত ও সাইফ পাওয়ারটেকের শেয়ারের।
ডিএসইতে গতকাল এক্সচেঞ্জটিতে ৪৮০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬১০ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। এদিন ৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বাড়ার বিপরীতে কমেছে ৩০৪টি আর অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৯ শতাংশ দখলে ছিল প্রকৌশল খাতের। ১১ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনের ১০ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য খাত। আর সিরামিক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ। গতকাল ডিএসইতে দুটি বাদে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সেবা, ভ্রমণ ও বস্ত্র খাত। ইতিবাচক রিটার্ন এসেছে পাট ও জীবন বীমা খাতে।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৮ পয়েন্ট কমে ১০ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৪৮৬ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৬৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৯৩৭ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। গতকাল সিএসইতে ৫৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি টাকা।










