রবি এলিট গ্রাহকরা এখন থেকে লাইট অফ হোপের বিভিন্ন শিক্ষামূলক পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। শিশুদের শিক্ষা ও উন্নয়নে কাজ করা এ প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য যেমন গুফি বই, শিক্ষামূলক খেলনা, ইংরেজি ও গণিতের কোর্স এবং অভিভাবকদের জন্য অনলাইন প্যারেন্টিং কোর্সে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আজ বুধবার (২৭ নভেম্বর) রবি ও লাইট অফ হোপের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন লাইট অফ হোপের প্রজেক্ট অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার খুশনুর আলম সিদ্দিকী এবং রবি এলিট লয়ালটি এবং পার্টনারশিপ প্রোগ্রামের ম্যানেজার তাসনিয়া আফরিন।

রবি এলিট গ্রাহকরা মোবাইলে LOH টাইপ করে ১২১৩ নম্বরে এসএমএস করে অফারটি পাবেন।

লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, আমরা কাজ করছি আমাদের শিশুদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও নৈতিকতা-মূল্যবোধ তৈরি করার মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ পৃথিবীর উপযুক্ত করে গড়ে তোলার জন্য। রবির সঙ্গে এ পার্টনারশিপের মাধ্যমে আমরা আরো বেশি অভিভাবকদের কাছে আমাদের শিক্ষামূলক সামগ্রী পৌঁছে দিতে পারব।

রবি এলিট লয়ালটি এবং পার্টনারশিপ প্রোগ্রামের ম্যানেজার তাসনিয়া আফরিন বলেন, রবি এলিট গ্রাহকদের লাইট অফ হোপের বিভিন্ন শিক্ষামূলক পণ্য ও সেবায় বিশেষ ছাড় দেবে। এছাড়াও সমাজে শিক্ষক ও অভিভাবকদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং শিশু শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে। —বিজ্ঞপ্তি