পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী দ্বীন তার কাছে থাকা কোম্পানির ২৫ লাখ ২০ হাজার শেয়ারের মধ্যে ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্লক মার্কেটে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির সমন্বিত নিট লোকসান কমেছে ২২ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান হয়েছে ২৭ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি ৪৯ লাখ টাকা। শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা।