দেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ তাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রোববার (১ জুন) এ উপলক্ষে রাজধানীর গুলশানের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান ও করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান।

এ সময় প্রতিষ্ঠানটির সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম ও ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশজুড়ে দিনটি নানা আয়োজনে পালন করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় আজকের এই অবস্থানে পৌঁছেছে মিনিস্টার-মাইওয়ান। তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ আসা সম্ভব হতো না। আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের পণ্য তৈরি করছি।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ২৩ বছরের পথ পেরিয়ে আমরা ২৪ বছরে পা রাখলাম। দেশের পরিবেশ উপযোগী ও সাশ্রয়ী মূল্যের পণ্য তৈরি করে তা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, এরই মধ্যে আমরা দেশের বাজারে নির্ভরতার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছি। এবার সেই সফলতা বিশ্ববাজারে ছড়িয়ে দিতে প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত।

—বিজ্ঞপ্তি