দেশের তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট। এটি অর্থ মন্ত্রণালয়ের শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ব্র্যাক ব্যাংকসহ দেশের ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশব্যাপী ৩ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ডিইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট) সৈয়দা আমিনা ফাহমিন, উপসচিব (এইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মাহমুদা আখতারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










