সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের ১,৯২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। তিনি সমাবর্তনে বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

সমাবর্তনে সিজিপিএ ৪.০০ অর্জন করায় চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, সুমাইয়া আক্তার ও হাবিবা খানম লুবনা এবং বিবিএ বিভাগের রেমা রাণী পল। এছাড়া বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়।

চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেন সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্বের গুরুত্ব বুঝিয়ে দেন ও শুধু বস্তুগত সাফল্যের বাইরেও চিন্তা করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।

সমাবর্তনে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।