নারী শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে চট্টগ্রামের মোটেল সৈকতে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে ইউএসএআইডি'স উইমেন থ্রাইভ প্রকল্প। বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এ মেলায় প্রায় এক হাজার নারী চাকরিপ্রত্যাশী নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ করপোরেশনের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ।

এছাড়া উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মেহরুল ইসলাম, পিপল অ্যান্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান।

Photo-3

মেলায় অংশ নেয় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিডিজবসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানও অংশ নেয়।

কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত ইউএসএআইডি'স উইমেন থ্রাইভ প্রকল্প গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড পিভিএইচের সহযোগিতায় গার্মেন্টস শিল্পে কর্মরত নারী কর্মীদের পেশাগত উন্নয়ন, নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক ও লৈঙ্গিক বাধা অতিক্রমে কাজ করছে।

প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে গার্মেন্টস কারখানায় কর্মরত এবং কমিউনিটির এক লাখেরও বেশি নারীকে পেশাগত ও জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে।

চাকরি মেলা আয়োজনের ধারাবাহিকতায় চট্টগ্রামে এ মেলার মাধ্যমে নারী কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। —বিজ্ঞপ্তি