নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এ আয়োজনের সবচেয়ে বড় অংশ ছিল বিশ্ববিদ্যালয়ের তিনটি নতুন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, নিযামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কো-চেয়ার ও বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাগেলদিন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাবেক মন্ত্রী এবং ইউএন এনভায়রনমেন্টের সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইমসহ এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ ও সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আজিজ আল কায়সার।

কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রদর্শিত হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ ভিডিও বার্তা। তিনি বলেন, সোশ্যাল বিজনেস এখন আর শুধু একটি ধারণা নয়। এটি একটি সামাজিক আন্দোলন। তিনি জানান, থ্রি জিরো লক্ষ্য অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনের মাধ্যমে বৈষম্যহীন পৃথিবী গড়াই লক্ষ্য।

প্রধান অতিথি নূরজাহান বেগম বলেন, টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য থ্রি জিরো লক্ষ্য পূরণে কাজ করতে হবে। মুনাফার বাইরে গিয়ে সামাজিক প্রভাব ও পরিবেশগত টেকসইতার দিকে মনোযোগ দিতে হবে।

আজিজ আল কায়সার বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় সোশ্যাল বিজনেস ও থ্রি জিরো ধারণা গুরুত্বপূর্ণ।

লামিয়া মোরশেদ বলেন, এ আয়োজন ড. ইউনুসের দর্শনকে বিশ্বমানের অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করেছে।

এরিক সোলহেইম বলেন, অর্থনীতি ও পরিবেশের মধ্যে সমন্বয় সম্ভব এবং বাংলাদেশ এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে।

ড. ইসমাইল সেরাগেলদিন বলেন, জ্ঞান নয়, প্রজ্ঞা দরকার। শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও নৈতিকতা শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে।

উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, সোশ্যাল বিজনেস লোভের ওপর নয়, সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। থ্রি জিরো লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, নতুন কেন্দ্রগুলো নৈতিকতা ও টেকসই চেতনা শিক্ষার সঙ্গে আরো ভালোভাবে যুক্ত করবে।

অনুষ্ঠান শেষে তিনটি কেন্দ্রের উদ্বোধন করা হয়— এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টার, এনএসইউ সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার ও এনএসইউ ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেসিলিয়েন্স সেন্টার। এগুলো এনএসইউয়ের শিক্ষাগত উৎকর্ষতা ও সামাজিক প্রভাব তৈরির পথে নতুন মাইলফলক হবে। —বিজ্ঞপ্তি