দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস এই আয়োজন করে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর আন্তন চেরনভ। তিনি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে আপনার সম্পর্ক কী?’ শীর্ষক আলোচনায় ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার’ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধ কীভাবে এখনো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, তা বুঝতে হবে।

অনুষ্ঠানে ‘দি আননোন ওয়ার, এপিসোড ২০: এ সোলজার অব দ্য আননোন ওয়ার’ শিরোনামের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সোভিয়েত সেনাদের ভূমিকা তুলে ধরা হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক হালিমুর আর খান মস্কোতে তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে শিক্ষার্থীরা রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পান।

আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। এ সময় তারা রাশিয়ায় পড়াশোনার সুযোগ সম্পর্কে জানতে চায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইতিহাস নিয়ে আগ্রহ তৈরি, সংস্কৃতি বিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে এই আয়োজন করা হয়েছে।

—বিজ্ঞপ্তি