ইতালিতে তৈরি উল্লেখ করে চীনা গাড়ি বিক্রি করার অভিযোগে একটি কোম্পানিকে ৬৪ লাখ ডলার জরিমানা করেছে ইউরোপের দেশটি। চীনা ইভির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে উত্তেজনার মুহূর্তে বিষয়টি সামনে এল। খবর বিবিসি।

ইতালির প্রতিযোগিতাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা জানায়, ডিআর অটোমোবাইলস নামের একটি প্রতিষ্ঠান বাজারে থাকা নিজেদের গাড়িগুলোকে ইতালীয় দাবি করে আসছিল। এমন দাবি ক্রেতাদের বিভ্রান্ত করছিল। অথচ তদন্তে দেখা গেছে কোম্পানিটির বিক্রি করা বেশির ভাগ গাড়িই চীনে তৈরি।

তবে ডিআর অটোমোবাইলস জানিয়েছে, ৬৪ লাখ ডলার জরিমানা যথাযথ হয়নি। তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। কারণ ডিআর অটোমোবাইলস কখনই দাবি করেনি যে তাদের সব গাড়িই ইতালিতে তৈরি।

দক্ষিণ ইতালিভিত্তিক ডিআর অটোমোবাইলস চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি, বিএআইসি ও জেএসিতে উৎপাদিত যন্ত্রাংশ আমদানি করে। এরপর নিজস্ব কারখানায় অ্যাসেম্বলিং করা হয়। এসব গাড়ির মূল্যও সাধারণত ইউরোপে নির্মিত গাড়ির তুলনায় কম।

কোম্পানিটির দাবির বিপরীতে নিয়ন্ত্রক সংস্থা বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্যানুসারে, ডিআর ও ইভিও ব্র্যান্ডের গাড়ির বেশির ভাগ যন্ত্রাংশের উৎস হলো চীন। কিন্তু ডিআর অটোমোবাইলস বলছে, এসব যন্ত্রাংশ ইতালির কারখানায় তৈরি। অথচ ছোটখাটো কিছু অ্যাসেম্বলিং ও পলিস ছাড়া ইতালিতে তেমন কোনো কাজ করে না কোম্পানিটি। স্থানীয় বাজারে মিথ্যা ঘোষণা দেয়া এমন গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ার পরই সংস্থাটি তদন্ত শুরু করে।

সম্প্রতি নিজেদের বাণিজ্য জোটের বাইরে উৎপাদিত গাড়ির বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ইতালি ও ইইউ। এর অংশ হিসেবেই ডিআর অটোমোবাইলসকে জরিমানা করা হয়েছে।