গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সবুর খান। আজ মঙ্গলবার (১৮ মার্চ) গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়োগ বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জিইএন দেশের উদ্যোক্তা ও নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ্বব্যাপী জিইএন গ্লোবালের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।

জিইএন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস এ নিয়োগ অনুমোদন করেছেন। জিইএন গ্লোবালের সিনিয়র প্রতিনিধি পিটার কোমিভস মো. সবুর খানের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

জনাথন অর্টমানস বলেন, বাংলাদেশের উদ্যোক্তা সম্ভাবনা বিশাল। জিইএন বাংলাদেশের মাধ্যমে নতুন উদ্যোক্তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন।

চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় মো. সবুর খান বলেন, উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা করা নয়, এটি সমাজ পরিবর্তনের মাধ্যম। জিইএন বাংলাদেশের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হবেন। এর ফলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উদ্যোক্তাবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

মো. সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। তিনি ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান।

প্রসঙ্গত, বর্তমানে জিইএন বিশ্বের ২০০টি দেশে কাজ করছে। তারা উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা ও নীতি সহায়তা দেয়। তাদের প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক, এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ ও গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ কংগ্রেস। —বিজ্ঞপ্তি