পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ট্রিপল বি ওয়ান ও স্বল্পমেয়োদে এসটি-থ্রি। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক ও ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৮২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)। 

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৩০ পয়সা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির এনএভিপিএস (পুনর্মূল্যায়িত) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৫ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাক্কানী পাল্প। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে রিজার্ভ পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪ টাকা ৯৬ পয়সা। 

ডিএসইতে বৃহস্পতিবার হাক্কানী পাল্প শেয়ারের সর্বশেষ দর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ শেয়ার দর ছিল যথাক্রমে ৪৯ টাকা ২০ ও ৭৬ টাকা ৬০ পয়সা।