নতুন মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে লাক্সারি গাড়ি ব্র্যান্ড বুগাটি। হাইব্রিড ধাঁচের বুগাটি ট্যুরবিলনের মালিকানা পেতে যথারীতি আকাশছোঁয়া খরচ হবে, এর প্রারম্ভিক মূল্য ৪০ লাখ ডলার। এক্সক্লুসিভ এ গাড়ি মাত্র ২৫০টি তৈরি হবে। এতে থাকছে ১ হাজার ৮০০ অশ্বশক্তির ইঞ্জিন, যা বাজারে থাকা ৩৩ লাখ ডলার মূল্য ও দেড় হাজার অশ্বশক্তির বুগাটি চিরনকে সব দিক থেকে ছাড়িয়ে যাবে। অনেকেই ধারণা করেছিলেন, নতুন মডেলটি অল-ইলেকট্রিক ধাঁচের হবে। কিন্তু বৈশ্বিক অটো শিল্পের বর্তমান প্রবণতা অনুসারে হাইব্রিডকে বেছে নিয়েছে কোম্পানিটি। ২০২১ সালে ফক্সওয়াগন গ্রুপ থেকে আলাদা হয়ে রিম্যাকের সঙ্গে একীভূতকরণ হয় বুগাটি। তখন ধারণা করা হযেছিল অল-ইলেকট্রিক প্রযুক্তির দিকে এগোচ্ছে বুগাটি। কেননা ক্রোয়েশিয়ান কোম্পানিটি অল-ইলেকট্রিক রিম্যাক নেভেরা সুপারকার তৈরির জন্য পরিচিত ছিল। কিন্তু বুগাটি রিম্যাক হিসেবে পরিচিত নতুন কোম্পানির চিফ এক্সিকিউটিভ মেট রিম্যাক জানিয়েছিলেন, তিনি কখনই অল-ইলেকট্রিক বুগাটি তৈরির ইচ্ছা করেননি। বরং পেট্রলচালিত গাড়িকে নতুন চাহিদার সঙ্গে মিলিয়ে এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন, যা পেট্রলচালিত বুগাটির অদলটি ধরে রাখে। এজন্য যা দরকার, তা হলো খুবই শক্তিশালী প্লাগ-ইন হাইব্রিড। বুগাটি চিরন ও ভেয়রন মডেলের মতো নতুন ট্যুরবিলনে বিশাল ১৬-সিলিন্ডারের গ্যাস ইঞ্জিন থাকবে। ইঞ্জিনটি ব্রিটিশ রেস কার ইঞ্জিনিয়ারিং ফার্ম কসওয়ার্থের সাহায্য নিয়ে ডিজাইন করা হয়েছে। এতে তিনটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর থাকবে। একটি গাড়ির পেছনে এবং সামনে দুটি মোটর কমপক্ষে ৮০০ অশ্বশক্তি উৎপাদনে সক্ষম হবে। সব মিলিয়ে ট্যুরবিলন কমপক্ষে ১ হাজার ৮০০ অশ্বশক্তির গতি দিতে সক্ষম হবে। নতুন গ্যাস ইঞ্জিনের টার্বোচার্জারের অভাব পূরণ করবে বৈদ্যুতিক মোটর। আর গাড়ির অংশগুলোর একসঙ্গে জোড়া হবে ফ্রান্সের মোলশেইমে অবস্থিত বুগাটির কারখানায়। খবর সিএনএন ও ছবি বুগাটি