পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের বিশেষ সাধারণ সভা উপলক্ষে ফান্ডটির ইউনিটের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ১৫ সেপ্টেম্বর ফান্ডটির রেকর্ড ডেট থেকে ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। ফান্ডের ট্রাস্টি জানিয়েছে, স্টক এক্সচেঞ্জে ফান্ডের ইউনিটের লেনদেন রেকর্ড ডেট থেকে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে পরবর্তী তথ্য না জানানো পর্যন্ত ফান্ডটির লেনদেন স্থগিত থাকবে।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদ শেষে ফান্ডটির অবসায়ন কিংবা বে-মেয়াদি ফান্ডে রূপান্তর ইস্যুতে ইউনিটহোল্ডারদের মতামত নিতে আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন ২০২৬ শেষে ফান্ডটির বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়। চলতি বছরের ৩০ জুন শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ৫৫ কোটি ২২ হাজার টাকায় দাঁড়িয়েছে, বাজারমূল্যের ভিত্তিতে যার পরিমাণ ৪৬ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের পরিশোধিত মূলধন ৫০ কোটি ১৩ লাখ ১০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭২ লাখ টাকা।

মোট ইউনিট সংখ্যা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৯ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৯ দশমিক শূন্য ২ শতাংশ ইউনিট রয়েছে।