ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের ৭৫ জন উন্নয়নকর্মী ও কর্মকর্তাকে বর্ষসেরা পদক দেয়া হয়। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক আদিবা রহমান, যেয়াদ রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন ও খন্দকার মুহাম্মদ আদনান মাসুদ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আনোয়ারুল হক; ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা মিলটন বেপারী এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকচুয়ারি আফরিন হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্মেলনে ডেল্টা লাইফের ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ৭৫ জন উন্নয়নকর্মী ও কর্মকর্তাকে বর্ষসেরা পদক দেয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির পরিচালক আদিবা রহমান বলেন, ‘দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বীমা সেবাকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে কাজ করছে ডেল্টা লাইফ।’ গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরো ভালো সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

কোম্পানির সিইও উত্তম কুমার সাধু বলেন, ‘প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।’ গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ডেল্টা লাইফের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।