পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাহী আদেশে আজ সাধারণ ছুটি থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, ৩০ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। যমুনা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এজিএম আহ্বান করেছিল ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত 

২৬ মে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৭ পয়সায়।