শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবেলা এবং ব্যবস্থাপনায় কুড়িগ্রামের ব্যবসায়ীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক দল বা প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম (পিইআরটি) গঠনের উদ্যোগ নিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

গতকাল এ বিষয়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে ‘প্রোগ্রাম সেনসিটাইজেশন অ্যান্ড প্ল্যানিং’ শীর্ষক সভা করে এফবিসিসিআই সেফটি কাউন্সিল। এরই মধ্যে কুড়িগ্রাম চেম্বার একটি সেফটি সেল গঠন করা হয়েছে। যার নেতৃত্বে পরিচালিত হবে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম (পিইআরটি)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) কারিগরি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ ফেজ-২ প্রকল্পের আওতায় প্রাইভেট সেক্টর পার্টনার হিসেবে এফবিসিসিআই এ কার্যক্রম পরিচালনা করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রান্তিক ব্যবসায়ী নেতা এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, সেফটি সেল এবং পিইআরটি ম্যানেজমেন্ট গাইডলাইন সম্পর্কে অবগত করাসহ এফবিসিসিআই সেফটি কাউন্সিলের কার্যক্রম ও বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ, প্রকল্পের লক্ষ্যগুলো তুলে ধরতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহীদউল্লাহ। কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি অলক সরকার, সহসভাপতি নুরুজ্জামান, উপদেষ্টা ও পরিচালক এবং নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক বক্তব্য রাখেন।