পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৩ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৪০ টাকা ৭১ পয়সা।

২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল নাভানা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৩ টাকা ৪১ পয়সা।

২০২২ সালের ১৮ অক্টোবর পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৭ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ২১৭।