পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি বেস্ট হোল্ডিংস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮২ পয়সায়।

২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪ হাজার ৬৩৭ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫।

এর মধ্যে ৬৫ দশমিক ৩৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২০ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪ দশমিক ১২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।