কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর দিয়ে উন্মুক্তভাবে রফতানি হলেও তা গত বছরের তুলনায় অনেক কম। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য চলছে, ২০২২-২৩ মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেন গত মৌসুমের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কম খাদ্যশস্য রফতানি করেছে।
মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ টনে, ২০২১-২২ মৌসুমের একই সময় যা ছিল ২ কোটি ৬ লাখ টন। চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশটি মোট ৫৪ লাখ টন গম, ৭৭ লাখ টন ভুট্টা ও ১২ লাখ টন যব রফতানি করেছে।
তথ্য বলছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার কারণে কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। এ সময় দেশটি শুধু স্থল, রেল ও নদীবন্দর দিয়ে স্বল্প পরিমাণ শস্য রফতানি করতে সক্ষম হয়। যুদ্ধের আগে প্রতি মাসে দেশটি ৬০ লাখ টন শস্য রফতানি করলেও যুদ্ধের পর তা ১০ লাখ টনে নেমে আসে। তবে জুলাইয়ের শেষ দিকে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। এ চুক্তির আওতায় আবারো কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানি শুরু করে ইউক্রেন। এরপর দেশটির রফতানি ব্যাপক বাড়তে শুরু করে। কিন্তু এখনো তা যুদ্ধপূর্ব প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারেনি। এদিকে গত সপ্তাহে রাশিয়া এ চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।










